শুক্রবার রাতে বিএসএফের গুলিতে নিহত হয়েছে দুই বাংলাদেশী নাগরিক।ঘটনা কমলাসাগর বিধানসভার মধুপুর থানাধীন পাথারিয়াদ্বার স্কুল সংলগ্ন ১০১ নম্বর গেইটের ভারতীয় ভূখণ্ডের নো ম্যানস ল্যান্ডে।খবর নিয়ে জানা গেছে মধুপুর থানার পুলিশের সাথে পাচারকারীদের সখ্যতার কারণে কমলাসাগর, কামথানা,হরিহরদোলা ও পাথারিয়াদ্বার বিওপির সীমান্ত এলাকা বরাবরই পাচারকারীদের প্রথম পছন্দের তালিকায়।ইদানিং বিশালগড় ও মধুপুর থানার পুলিশের তরফে নেশা কারবারীদের সবুজ সংকেত থাকায় পাচারকারীরা এখন রাতদিন এক করে দিচ্ছে।ফলে নেশা পাচার চক্রের মূল মাস্টারমাইন্ডরা সীমান্ত এলাকার এড়িয়ে চললেও বেশি টাকার লোভে পাচারকারীদের প্রলোভনের ফাঁদে পা ফাঁক দিয়ে বিএসএফের গুলিতে ঝাজরা হয়ে যাচ্ছে।শুক্রবার রাতেও তার ব্যতিক্রম হয়নি।পাথারিয়াদ্বার স্কুল সংলগ্ন ১০১ নম্বর গেইটের কাঁটাতারের উপর দিয়ে ভারতীয় ভূখণ্ডের পাচারকারীরা নেশা সামগ্রী বাংলাদেশের দিকে ফেলে চম্পট দেয়।বিএসএফ ভারতীয় পাচারকারীদের আটক করতে না পারলেও গেইট খুলে কাঁটাতারের ওই পাশে প্রবেশ করে ওত পেতে বসে থাকে বাংলাদেশী পাচারকারীদের আটক করার উদ্দেশ্যে।কিছুক্ষণ বাদে যখন ২০-২৫ জনের একটি পাচারকারীর দল ওই নেশা সামগ্রীগুলি নেওয়ার জন্য ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করে তখন বিএসএফ জওয়ানরা তাদের চ্যালেঞ্জ করে।এতে এক পাচারকারী বিএসএফ জওয়ানের উপর ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে অল্পবিস্তর আহত হয় এক বিএসএফ জওয়ান।তখনই বিএসএফ জওয়ানরা আত্মপক্ষ সমর্থনে পাচারকারীদের লক্ষ্যে করে গুলি চালায়।এতে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ মোছরালিন ও নবীর হোসেনের বুকে ও মাথায় গুলি লাগে।পরে বিএসএফ তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করে।


































