সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর জমি মাফিয়াদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের পথে বিশালগড় মহকুমা প্রশাসন।উল্লেখ্য গত ৪ মে বিশালগড় মোটর স্ট্যান্ড সংলগ্ন এলাকার জনৈক ব্যক্তি জেসিবি মেশিন নিয়ে ভারতীয় মজদুর সংঘের অফিস গৃহের পশ্চিম পাশে অবস্থিত পাবলিক টয়লেট সহ বাউন্ডারি ওয়াল ভেঙ্গে গুড়িয়ে দিয়ে পেছনের ধানি জমিতে গাড়ি যাওয়ার জন্য একটি প্রশস্ত রাস্তা তৈরি করে।এরপর অনবরত সপ্তাহ খানেক ধরে এক নাগারে কয়েকশত টিপার ট্রাক ভর্তি মাটি ফেলতে শুরু করে পেছনের ধানি জমি ভরাট করার লক্ষ্যে।তাদের এই অবৈধ কার্যকলাপ দু সপ্তাহ ধরে চলতে থাকলেও কুম্ভ নিদ্রায় আচ্ছন্ন ছিল বিশালগড় মহকুমা প্রশাসন।পরে ঘটনাটি ফলাও করে দৈনিক সংবাদে প্রকাশিত হওয়ার পর টনক নড়ে মহকুমা প্রশাসনের।বুধবার মহকুমা শাসক বিঙ্কি সাহা, ডেপুটি কালেক্টর কালেক্টর এন্ড ম্যাজিস্ট্রেট প্রসেনজিৎ দাস,স্থানীয় তহশীলদার ও বিশালগড় থানার পুলিশ ঘটনাটি সরজমিনে পরিদর্শন করার লক্ষ্যে যৌথ অভিযান চালায় বিশালগড় মোটর স্ট্যান্ডে।পরে ঘটনার সত্যতা খুঁজে পেয়ে প্রশাসনিক টিমকে তদন্তক্রমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করার আশ্বাস প্রদান করেন।































