খোয়াই থেকে নিজস্ব প্রতিনিধি গোপাল সিং এর রিপোর্টঃ
শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ সুদৃঢ় করার পাশাপাশি পুলিশ ও সাংবাদিকদের মধ্যে সুসম্পর্ক আরও দৃঢ় করতে খোয়াই জেলা পুলিশের উদ্যোগে বিমানবন্দর মাঠে আয়োজিত হল এক প্রীতি ক্রিকেট প্রতিযোগিতা।
ম্যাচে প্রথমে ব্যাট করে পুলিশ দল ১৫১ রানের লক্ষ্য নির্ধারণ করে। জবাবে সাংবাদিক দল নির্ধারিত ওভারে ৯২ রান সংগ্রহ করতে সক্ষম হয়। ফলে প্রতিযোগিতায় জয়ী হয় পুলিশ দল।
গোটা ম্যাচ চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার রানাদিত্য দাস, অতিরিক্ত পুলিশ সুপার জাস্টিস জোসেফ, মহকুমা পুলিশ আধিকারিক ডি কুদিয়ারাসু, খোয়াই থানার ওসি কৃষ্ণধন সরকার, মহিলা থানার ওসি মিনা দেববর্মা, সুভাষপার্ক পুলিশ ফাঁড়ির ওসি রঞ্জিত সরকার-সহ আরক্ষা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
খেলা শেষে পুলিশ দলের সদস্যদের হাতে মেডেল তুলে দেন সিনিয়র সাংবাদিক গোপাল সিং, মানিক সরকার, অতনু দত্ত-সহ অন্যান্যরা। সাংবাদিক দলকে রানার্স-আপ ট্রফি প্রদান করেন জেলা পুলিশ সুপার, আর চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেন মহকুমার প্রবীণ সাংবাদিকরা।
এক সাক্ষাৎকারে পুলিশ সুপার রানাদিত্য দাস বলেন, “পুলিশ ও সাংবাদিক সমাজ একে অপরের পরিপূরক। সুস্থ যোগাযোগ ও পারস্পরিক আস্থার সম্পর্ক আরও মজবুত করতে এই ধরনের ক্রীড়া উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”































