নিজস্ব সংবাদদাতা গোপাল সিং এর রিপোর্টঃ
আসন্ন টিটিএএডিসি (TTAADC) নির্বাচন ২০২৬-এর ঠিক প্রাক-মুহূর্তে খোয়াই জেলায় বড়সড় প্রশাসনিক রদবদল করা হলো। খোয়াই জেলার পুলিশ সুপার (SP) রানাদিত্য দাসকে তাঁর পদ থেকে বদলি করা হয়েছে। একই সাথে চাম্পাহাওড় থানার ভারপ্রাপ্ত আধিকারিক (OC) দিলীপ দেববর্মা ও মুঙ্গিয়াকামী থানার ওসি স্বনেশ দেববর্মাকে বদলি করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। যদিও টিটিএএডিসি নির্বাচনের ভোটগ্রহণ আগামী ১২ এপ্রিল অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং ঠিক ৩ দিন আগে জেলা পুলিশের শীর্ষ স্তরে এই পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
খোয়াই জেলার পুলিশ সুপার (SP) রাণাদিত্য দাস (TPS) গত এক বছর সময়সীমার মধ্যেই খোয়াই জেলায় আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনস্বার্থে একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। মাদক ও নেশা বিরোধী অভিযানকে ত্বরান্বিত করতে ‘সিভিল পুলিশ টিম’ গঠন অন্যতম।
এসপি রাণাদিত্য দাসের নেতৃত্বে খোয়াই জেলায় ‘নেশামুক্ত ত্রিপুরা’ গড়তে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছিল। তাঁর এক বছরের মেয়াদে কয়েক কোটি টাকার শুকনো গাঁজা, ব্রাউন সুগার এবং নিষিদ্ধ কফ সিরাপ (ফেন্সিডিল) উদ্ধার করা হয়েছে।
ভারত-বাংলাদেশ সীমান্ত সংলগ্ন পাহাড়ি এলাকায় বিশাল এলাকাজুড়ে অবৈধ গাঁজা চাষের বিরুদ্ধে তিনি সাঁড়াশি অভিযান চালিয়েছেন এবং অসংখ্য বাগান পুড়িয়ে নষ্ট করেছেন। খোয়াই জেলার একটি বড় অংশ ভারত-বাংলাদেশ সীমান্ত হওয়ায় চোরাচালান রোধে তিনি কঠোর ভূমিকা পালন করেছেন। বিএসএফ (BSF)-এর সাথে সমন্বয় বাড়িয়ে সীমান্ত দিয়ে গবাদি পশু এবং নেশা সামগ্রীর পাচার অনেকাংশেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হন।
তিনি খোয়াই জেলা পুলিশের সাংগঠনিক কাঠামোকে আরও গতিশীল করেছেন। সহকর্মীদের মনোবল বাড়াতে তিনি নিয়মিত মহকুমা ভিত্তিক পর্যালোচনা বৈঠক (Crime Review Meeting) করতেন। আজকের যুগে সাইবার অপরাধ নিয়ন্ত্রণে তিনি খোয়াই জেলায় পুলিশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়ানোর ওপর জোর দেন। বিভিন্ন অনলাইন জালিয়াতি ও হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধারে তাঁর অধীনে পুলিশের একটি বিশেষ সেল অত্যন্ত সক্রিয়ভাবে কাজ করেছে। পূজা ও উৎসবের দিনগুলোতে জেলায় কোনো ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তি-শৃঙ্খলা বজায় রাখা তাঁর সময়ের অন্যতম প্রশাসনিক সাফল্য। যদিও টিটিএএডিসি নির্বাচনের প্রাক্কালে তাঁকে বদলি করা হয়েছে, তবে খোয়াই জেলায় মাদক সম্রাটদের কোমর ভেঙে দেওয়া এবং পুলিশি ব্যবস্থাকে জনগণের কাছে আরও আস্থাশীল করে তোলার ক্ষেত্রে রাণাদিত্য দাসের অবদান অনস্বীকার্য।
































